খেলাধুলা ৩০ জানুয়ারি, ২০২৩ ১২:২১

সাফ অনূর্ধ্ব-২০ নারী দলে নতুন দুই মুখ

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টের এবারের আসর। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ এশিয়ার চারটি দেশ। সেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল ও ভুটান। এর আগে যুব সাফ টুর্নামেন্টে দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। একবার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯। এবার টুর্নামেন্ট হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ পর্যায়ে।

কোচ গোলাম রাব্বানী ছোটন টুর্নামেন্টক সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন । ঘোষিত এই দলে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন দুই ফুটবলার আফরোজা খাতুন ও আইরিন খাতুন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা।

কোচ গোলাম রব্বানী ছোটন এই দুই ফুটবলারকে দলে নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘গত নভেম্বর-ডিসেম্বর মাসে নারী ফুটবল লিগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই দুজনকে দলে নেওয়া হয়েছে।’

লিগে নাসরিন স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন আইরিন এবং জামালপুর কাচারিপাড়া একাদশে আফরোজা। গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের ছয় সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-২০-এর ২৩ জনের চূড়ান্ত দলে। তারা হলেন গোলরক্ষক রুপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস, শাহসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী ও সোহাগি কিসকু।

এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যেখানে প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করবে। এরপর সেরা দুই দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ফাইনালে।


বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল :

গোলরক্ষক : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, ইতি রানী।

রক্ষণভাগ : সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।

মধ্যমাঠ : শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), স্বপ্না রানী, সোহাগি কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার ও হালিমা আক্তার।

আক্রমণভাগ : শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিক খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

আমাদেরকাগজ/ এইচকে