খেলাধুলা ২৯ জানুয়ারি, ২০২৩ ০৬:৫৮

দঃ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচাতে ইংল্যান্ডের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৪৩ রানের টার্গেট দিলো ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল সফরকারী ইংল্যান্ড। ২৯৯ রানের লক্ষ্য সহজে জয়ের পথে থাকলেও প্রোটিয়া বোলিং তোপে পড়ে ৩৪ বল বাকি থাকতেই ২৭ রানে রেখে যায় জস বাটলারের দল। তাই সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেট হারিয়ে ৩৪২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ইংলিশরা।

রোববার, ২৯ জানুয়ারি ব্লুমফন্টেইনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। তবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। দলীয় ২৭ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয় মাত্র ৯ রান করেই সাজঘরে ফেরেন। তার বিদায়ের পর মালানও ফেরেন ১২ রান করে। এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রাথমিক চাপ সামাল দেন বেন ডাকেট ও হ্যারি ব্রুকস জুটি। তবে তাদের ৪৯ রানের জুটি ভেঙে যায় ডাকেটের ব্যক্তিগত ২০ রানের বিদায়ে।

ব্রুকসের ৮০, মইণ আলীর ৫১, ক্রিস ওকস ১৪ ও স্যাম কারান ২৮ রান করে বিদায় নিলেও সর্বোচ্চ ৯৪ রান আসে অধিনায়ক বাটলারের ব্যাট থেকে। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৩৪২ রানের পাহাড়সম সংগ্রহ পায় ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

আমাদেরকাগজ/ এইচকে