আমাদের কাগজ, স্পোর্টস ডেস্কঃ ভারতের মাটিতে ভারতকে হারানোটা নিঃসন্দেহে কঠিন। এ বিষয়ে ক্রিকেট পাড়ার,সব দেশের খেলুড়েরা জানেন। সম্প্রতি শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। সবচেয়ে বড় বিষয় নিজেদের দেশের মাটিতে রোহিত শর্মার দল ভীষণ অবিচ্ছেদ। আর তাই তো পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির প্রশংসা ভাসছেন।
সাথে সাথে এটাও বলেন পাকিস্তানসহ উপমহাদেশের দলগুলো যেন ভারতের কাছ থেকে শিক্ষা নেয়।
রমিজ বলেন, ‘ভারতের মাটিতে ভারতকে হারানো অনেক কঠিন। পাকিস্তানসহ উপমহাদেশের দেশগুলোর ভারতের কাছ থেকে এটা শেখার বিষয়।’
সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। রোহিত শর্মারা ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে এক ম্যাচ হাতে রেখে। অথচ এই নিউজিল্যান্ডের বিপক্ষেই কিছুদিন আগে সিরিজ খুইয়েছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ঘরের মাঠে পাকিস্তান হেরেছিল ২-১ ব্যবধানে। এসব প্রসঙ্গ টেনেই বাবরদের শিক্ষা গ্রহণের কথা বললেন রমিজ।
এদিন গণমাধ্যমকে রমিজ জানান, ‘ভারতকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন। তাদের কাছ থেকে উপমহাদেশের অন্য দেশগুলোর শেখা উচিত। পাকিস্তানেরও উচিত ভারতের কাছ থেকে শেখা। বাবর আজমদের অনেক সম্ভাবনাও আছে।’
রাজা মনে করেন, পাকিস্তান ভালো দল। কিন্তু তাদের মধ্যে ধারাবাহিকতার অভাব। তার ভাষ্যমতে, ‘পাকিস্তান ভারতের মতো ধারাবাহিক নয়। ভারতের এই ধারাবাহিকতা দারুণ কিছু, বিশেষ করে তাদের ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে আগে।’
ভারত জোরালো প্রস্তুতি নেয়ার জন্য ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সিরিজও খেলবে। রোহিত শর্মাদের বিপক্ষে খেলতে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
আমাদের কাগজ/এমটি






















