স্পোর্টস ডেস্ক ।।
টানা তিন ম্যাচে হার ও এক জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে। ফলে ফাইনালে জায়গা পাকা হয়ে গেছে আফগানিস্তান-বাংলাদেশের। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।
এর আগে নিজেদের আরেকবার পরখ করার সুযোগ পাচ্ছেন আফগান-টাইগাররা। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবেন তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ম্যাচটি কেবল নিয়মরক্ষার। তবে এটি গুরুত্বসহকারে নিচ্ছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে প্রথম সাক্ষাতে আফগানিস্তানের কাছে ২৫ রানে হারেন স্বাগতিকরা। ঘরের মাঠে টেস্টের পর টি-টোয়েন্টিতেও হেরে যাওয়ায় আফগানদের সামনে মানসিকভাবে পিছিয়ে তারা। ফাইনালের আগে মনোবল সঞ্চয়ে তাই এ ম্যাচে টাইগারদের জয় পাওয়াটা জরুরি।
আবার হেরে গেলে টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচে রশিদ খানদের কাছে হারের লজ্জা সঙ্গী হবে বাংলাদেশের। নিশ্চিতভাবে ফাইনালের আগে তা সুখকর অভিজ্ঞতা হবে না সাকিবদের। সর্বোপরি হারের হতাশা ছাপিয়ে জয়ের সুবাস নিয়ে ফাইনালি লড়াইয়ে নাম লেখাতে চান তারা। জয়ের অভ্যাসটা ধরে রাখতে চান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।






















