স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত কেউ টানা দুইবার শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি । আর মাত্র কয়েক ঘণ্টা পরেই জানা যাবে ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন দল। কাতারের লুসাইল স্টেডিয়ামে রবিবার ১৮ ডিসেম্বর রাত নয়টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স।
এবারের ফাইনালে যে দলই জিতুক এটি হবে তাদের তৃতীয় শিরোপো। তবে পার্থক্য হলো-আর্জেন্টিনা জিতলে সেটি হবে তাদের ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়। অন্যদিকে ফ্রান্সের জন্য টানা দ্বিতীয়বার। লুসাইলের ফাইনালের আগে দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় আলোচনায় থাকলেও সবচেয়ে বেশি আলো আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দিকে।
সর্বোচ্চ সাতবার ব্যালন ডি'অর জিতলেও বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা হয়নি মেসির। বিশ্বকাপ জিতলে ক্যারিয়ারে আর কোনো অপূর্ণতা থাকবে না ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলারের। অন্যদিকে মাত্র ২৩ বছরেই টানা দুইবার বিশ্বকাপ জিতে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাওয়ার হাতছানি এমবাপ্পের সামনে।
তবে, এই দুই তারকার নিজেদেরে নামের পাশে গ্রেট তকমা লেখানোর রাতে নতুন এক ইতিহাস লেখার দৌঁড়ে আছেন আরেকজন। তিনি ফরাসি অধিনায়ক হুগো লরিস।
হুগো লরিসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ফরাসিদের হয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক। কাতার বিশ্বকাপেও তারকাসমৃদ্ধ ফ্রান্স দলে চুপিসারে নিজের কাজ করে যাচ্ছেন লরিস।
ফ্রান্স জিতলে এমবাপ্পের মতোই টানা দুইবার বিশ্বকাপ জেতা হবে লরিসের। তাদের আগেও খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপ জেতা বেশ কয়েকজনই আছেন। গোলরক্ষক হিসেবেও আছে দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড।
কিন্তু অধিনায়ক হিসেবে টানা দুবার বিশ্বকাপ জেতেনি কেউই। ফ্রান্স জিতলে হুগো লরিসই হবেন টানা দুবার বিশ্বকাপ জেতা প্রথম অধিনায়ক। শুধু অধিনায়ক নয়, গোলরক্ষক-অধিনায়ক হিসেবেও অন্যন্য এই রেকর্ডের মালিক হবেন লরিস।
এখন পর্যন্ত টানা দুটি বিশ্বকাপ জেতার রেকর্ড আছে শুধু ইতালি ও ব্রাজিলের। ইতালি জিতেছিল ১৯৩৪ ও ১৯৩৮ সালে, ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে। তবে দুই আসরে দল দুটির অধিনায়ক ছিলেন ভিন্ন দুজন। ব্রাজিলের '৫৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক হিলদারালদো বেলিনি খেলেছিলেন '৬২-তেও। তবে সে আসরে অধিনায়ক ছিলেন না তিনি।
কাতার বিশ্বকাপ চলাকালেই কিংবদন্তি লিলিয়ান থুরামকে টপকে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে নিয়েছেন হুগো লরিস। কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ, আন্তোয়ান গ্রিজম্যানদের কল্যাণে এখনও খুব বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি তাকে।
আমাদেরকাগজ/ এইচকে






















