খেলাধুলা ১২ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৮

আর্জেন্টিনা ম্যাচের দায়িত্ব থাকবে যে রেফারি

স্পোর্টস ডেস্ক: আর মাত্র দুটি ম্যাচে পার করতে পারলেই মরুভূমির বুকে সোনালি ট্রফি তুলে দেবেন মেসি-ডি মারিয়ারা। আপাতত সেমিফাইনালের বাধা অতিক্রম করতে হবে স্কালোনিদের। যেখানে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ গত মৌসুমের রানার্সআপ ক্রোয়েশিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির ড্যানিয়েল ওরসাতো। ভারের দায়িত্বে থাকবেন ম্যাসিমিলিয়ানো ইরাতি।

চলতি আসরের উদ্বোধনী ম্যাচ খেলেছে ওরসাতো। কাতার ও ইকুয়েডরের সেই ম্যাচে কাতার ২-০ গোলে হেরেছিল। এছাড়া গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের দায়িত্বেও ছিলেন ওরসাটো। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে।

এ রেফারিকে গ্রুপ পর্বের পরে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল পর্বে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেমিফাইনালে আবারও দায়িত্ব পেয়েছেন তিনি।  

অপরদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারি মাতেওকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মাতেও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৮টি কার্ড দেখিয়ে আলোচনায় আসেন। এর মধ্যে দশটি হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ফুটবলাররা আর নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। সেই ম্যাচে লিওনেল মেসিও হলুদ কার্ড পান।

আমাদেরকাগজ/এইচএম