খেলাধুলা ১০ ডিসেম্বর, ২০২২ ০৪:১৯

বিশ্বকাপ কাভার করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ কাতার বিশ্বকাপ কাভার করতে আসা এক মার্কিন সাংবাদিক স্টেডিয়ামের প্রেস বক্সে মৃত্যুবরণ করেছেন। ওই সাংবাদিকের নাম গ্র্যান্ট ওয়াল। শুক্রবার (৯ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচটি কাভার করছিলেন তিনি।

রয়টার্স জানায়, শুক্রবার খেলার প্রতিবেদন নিয়ে ব্যস্ততার মধ্যেই ‘তীব্র যন্ত্রণায়’ ভুগে মারা যান তিনি। একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানিয়েছেন, স্টেডিয়ামের প্রেসবক্স এলাকায় তিনি ‘পড়ে’ গিয়েছিলেন। তার মৃত্যুর সময় আশেপাশের পরিস্থিতি কেমন ছিল তা জানা যায়নি বলে জানিয়েছেন তারা। 

 

এরপর তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে নিয়ে যাওয়া হয় হামাদ জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। প্রেস বক্সে থাকাকালীন অবস্থায় তাদের কাছে সহকর্মীর মৃত্যুর খবর আসে।

গত মাসে সমকামীদের সমর্থনে রংধনু টি-শার্ট পরায় তাকে মাঠে প্রবেশে বাধা দিয়েছিল কাতার পুলিশ। যদিও পরে বিষয়টির সুরাহা হয়। তিনি একসময় যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এবং তার একটি ওয়েবসাইটও রয়েছে। ১৯৯৪ সালে তিনি প্রথম বিশ্বকাপ খেলার খবর সংগ্রহ শুরু করেন। এ পর্যন্ত আটটি বিশ্বকাপের সংবাদ কাভার করেছেন তিনি।

মৃত্যুর মাত্র একদিন আগে তিনি জানিয়েছিলেন, শরীরটা ভালো নেই। এমনকি ডাক্তারও দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, ডাক্তাররা তাকে জানিয়েছে, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত তিনি।

এ ব্যাপারে নিজের ওয়েবসাইটে গ্র্যান্ট ওয়াল লিখেছিলেন, ‘আমার পুরো শরীর ভেঙে পড়েছে। তিন সপ্তাহর কম ঘুম, চাপ এবং অনেক কাজ আপনাকে এমনটি করে দিতে পারে। ১০ দিনের ঠাণ্ডা যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডসের ম্যাচের দিন চরম পর্যায়ে পৌঁছেছিল, আমি আমার বুকের উপরিভাগে আরও চাপ এবং অস্বস্তি টের পাচ্ছিলাম।’

তিনি আরও লিখেছিলেন, ‘আমার করোনা নেই (নিয়মিত পরীক্ষা করি)। কিন্তু আজ আমি মিডিয়া সেন্টারের প্রধান চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলাম। তারা বলেছে, আমার ব্রংকাইটিস হয়েছে। আমাকে এন্টিবায়োটিক এবং কাশির সিরাপ দিয়েছে। আমি এখনই কিছুটা ভালো অনুভব করছি। তবে একেবারে ভালো না।’

বিশ্বকাপের কাতারি সংস্থার একজন মুখপাত্র বলেছেন ‘মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ’ তিনি জানান, ‘আমরা যুক্তরাষ্ট্রের দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি যাতে পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ ফেরত পাঠানো যায়। ’

এই ক্রীড়া সাংবাদিকের দীর্ঘ সময়ের কর্মস্থল যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড এক বিবৃতিতে বলেছে, গ্রান্টের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

আমাদের কাগজ/এম টি