স্পোর্টস ডেস্ক: স্বপ্ন ছিলো সোনালী শিরোপা ছুঁয়ে দেখার, দেশের হেক্সা মিশন পূরণ করার। কিন্তু কয়েক ধাপ বাকি থাকতেই পথচলা শেষ। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। হৃদয়ভাঙা এই হারের পর দলের সেরা তারকা নেইমার জানালেন, ব্রাজিলের হয়ে আর খেলবেন কিনা; এ ব্যাপারে নিশ্চিত নন তিনি। ব্যাপারটি নিয়ে ভাবার জন্য সময় নিতে চান পিএসজি তারকা।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নেইমারই ছিলেন ব্রাজিলের কাণ্ডারী। নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এখানকার প্রথমার্ধে চোখ ধাঁধানো গোলে সেলেসাওদের এগিয়ে নেন তিনি। ১১ মিনিট পর ব্রুনো পেতকোভিচ গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। খেলা যায় টাইব্রেকারে, যেখানে ৪-২ গোলে হার মেনে নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।
ম্যাচ শেষে মাঠের মাঝবৃত্তে বসে অনেকক্ষণ কেঁদেছেন নেইমার। ব্রাজিলকে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জেতানোর মিশন নিয়ে এসে কি না শেষ চারেই উঠতে পারলেন না। হৃদয় ভেঙে গেছে তাঁর। তাহলে কি নেইমারের আর বিশ্বকাপ জেতা হবে না? এমন প্রশ্ন করার কারণ আছে। বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখার আগে যে নেইমার বলেছেন, এটা হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ।
এ কারণেই ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ার পর মিক্সড জোনে নেইমারকে সাংবাদিকেরা প্রশ্ন করেন-এটাই কি শেষ বিশ্বকাপ? ব্রাজিল দলে আপনার ভবিষ্যৎ কী? এই প্রশ্নের উত্তরে নেইমার নিশ্চিত করে কিছু বলেননি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেইমার বলেছেন, ‘সত্যি বলতে কী, আমি জানি না। এ নিয়ে অনেক কিছু ভাবার আছে। আমি মাথা গরম অবস্থায় কিছু বলতে চাই না। আমার আর জাতীয় দলের জন্য ভালো কী, এটা ভাবতে আমি সময় নিতে চাই।’
নেইমার অবশ্য এরপর যোগ করেন, ‘আমি দরজা বন্ধ করছি না এবং আমি শতভাগ নিশ্চিত নই, আবার (জাতীয় দলে) ফিরব কি না। সবকিছু নিয়ে আমি ভাবতে চাই।’
আমাদের কাগজ//টিএ






















