খেলাধুলা ৬ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৩

সুইসদের বিপক্ষে পর্তুগালের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: কাতারের লুসাইল স্টেডিয়ামে নকআউট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও সুইজারল্যান্ড। এই ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

মেসির আর্জেন্টিনা, এমবাপ্পের ফ্রান্স, নেইমারের ব্রাজিল ইতিমধ্যেই শেষ আটে উঠেছে। দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে সিআর সেভেন যে কোনো কসরত করবেন না তা বলার অপেক্ষা রাখে না। রোনালদো ছাড়াও কাতার বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স। যদিও পর্তুগাল তাদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে। এই নাটকীয় হারের পরও সেরা গ্রুপ হিসেবে শেষ ষোলোতে পৌঁছেছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

যদিও পর্তুগাল ম্যাচ ছাপিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি স্বাক্ষরের জল্পনাই এখন খবরের শিরোনামে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, রোনালদোর এজেন্টের সঙ্গে সৌদির ক্লাবের কথাবার্তা একেবারে পাকা। শুধুমাত্র বিশ্বকাপ শেষ হওয়ার অপেক্ষা। তারপরই সাবেক ম্যান ইউ তারকা যোগ দেবেন এশিয়ার ক্লাবটিতে! সৌদি ক্লাব আল নাসের সঙ্গে রোনালদোর আড়াই বছরের জন্য চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তি অনুযায়ী ক্লাবটির কাছ থেকে প্রতি মৌসুম অর্থ্যাৎ বছরে ২০০ মিলিয়ন পারিশ্রমিক পাবেন তিনি।

অন্যদিকে, গ্রুপ পর্বে ভালো ফুটবল খেলেছে সুইজারল্যান্ডও। ব্রাজিলের সঙ্গে পেরে না উঠলেও সার্বিয়া ও ক্যামেরুনকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। গত ম্যাচে গোল পেয়েছেন জারদান শাকিরি। এদিন হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ

গ্রেগর কোবেল (গোলরক্ষক), আকানজি, ফ্যাবিয়ান শার, রদ্রিগেজ, উইডমার, গ্রানিত জাকা, রেমো ফ্রেউলার, জেরদান শাকিরি, জিব্রিল সো, রুবেন ভার্গাস, ব্রিল এমবোলো।

পর্তুগালের সম্ভাব্য একাদশ

দিয়োগো কস্তা (গোলরক্ষক), ডিফেন্সে ক্যানসেলো, পেপে, ডিয়াস, গুরেইরো। মাঝমাঠে বার্নার্ডো সিলভা, নেভেস, কার্ভালহো। আক্রমণে রোনালদো, ফার্নান্ডেজ, ফেলিক্স।

আমাদেরকাগজ/এইচএম