খেলাধুলা ৫ ডিসেম্বর, ২০২২ ০৯:১৯

কাতার বিশ্বকাপ

ব্রাজিলকে ভয় পায় না দক্ষিণ কোরিয়া কোচ

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: নকআউট পর্বে এমন একটি দলের বিপক্ষে লড়াই যাদের ইতিহাস বেশ সমৃদ্ধ। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয়ের প্রত্যাশা করাটা কিছুটা সাহসেরও বিষয়। কিন্তু পরিস্থিতি বুঝেই কোরিয়া শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার পণ করেছে।

এশিয়ার প্রতিনিধি হয়ে দক্ষিণ কোরিয়ার পারফরম্যান্স যথেষ্ট আশা জাগানিয়া। গ্রুপ পর্যায়ে উরুগুয়ের সঙ্গে ড্র। ঘানার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে হার। আর শেষ ম্যাচে রোনালদোর পর্তুগালকে হারিয়ে চমকই দেখিয়েছে।

শেষ ষোলোয় সোমবার ব্রাজিলের মুখোমুখি হবে তারা। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই বিশ্বকাপকে নিজেদের ছাপ রাখার বড় সুযোগ হিসেবে দেখছে কোরিয়া। দলটির ডিফেন্ডার কিম জিন-সু যেমন বললেন, প্রতিটি সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা। “প্রতিটি ম্যাচ, প্রতিটি মিনিট খুবই মূল্যবান। পুরো দলের মনোবল দারুণ, টিমওয়ার্কও দুর্দান্ত। সত্যিই আমরা সবাই এতদূর আসতে চেয়েছি, এজন্য আমরা সবাই ক্ষুধার্ত।”

২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে তারা, সব মিলিয়ে তৃতীয়বার। ব্রাজিলের বিপক্ষে সতীর্থদের নিজেদের উজাড় করে দিতে বললেন কিম জিন-সু। 

“অবশ্যই খুব চ্যালেঞ্জিং ম্যাচ হবে এটি। আমরা সবাইকে দেখাতে চাই যে, আমরা কী পারি এবং কিসের জন্য আমরা ১২ বছর ধরে অপেক্ষা করছিলাম। আমাদের লড়াইয়ের মনোভাব গুরুত্বপূর্ণ হবে। দলের জন্য আমাদের আত্মত্যাগ করতে হবে।”দলের পর্তুগিজ কোচ বেন্তোও আশাবাদী, নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে তার শিষ্যরা। 

"বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আমরা ভয় পাই না। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের সুযোগ আছে... সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দেখাতে চাই যে, আমরা জিততে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই করতে চাই।”

ব্রাজিলের বড় তারকা নেইমার জুনিয়রের প্রসঙ্গ এলে বেন্তো বাস্তববাদী  হওয়ার চেষ্টা করেছেন। নেইমারের প্রতি সম্মান রেখেই বলেছেন, ‘আমরা নেইমারের বিপক্ষে খেলতে চাই। এটা বললে ভণ্ডামি হবে। সত্যিকার অর্থে আমি সব সময় পছন্দ করি মাঠে সেরা খেলোয়াড়টি থাকুক। আমরা চাই না কোনও ভালো খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে থাকুক। তবে আমরা ঠিক করবো কী কৌশলে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’

 

আমাদের কাগজ//টিএ