খেলাধুলা ২৯ নভেম্বর, ২০২২ ০৩:৩৯

কাতার বিশ্বকাপ

বাংলাদেশিদের নিয়ে যা বললো আর্জেন্টিনা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। বাংলাদেশের সমর্থকদের মধ্যে আমেজের মাত্রা যেন একটু বেশি। বিশ্ববিদ্যালয়, কলেজ-ক্যাম্পাস, মাঠে-ঘাটে বড় পর্দায় ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখতে ভিড় করছেন সমর্থকেরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ নিয়ে খুবই সরব বাংলাদেশের সমর্থকেরা। যাঁদের মধ্যে বড় একটি অংশ আর্জেন্টিনার সমর্থন করেন। সমর্থকদের এই আবেগে মুগ্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। এ জন্য বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে ভার্চুয়াল একটি পোস্ট করেছে সংস্থাটি। 

যেখানে মেক্সিকোর বিপক্ষে গোল করার পর উদ্‌যাপনের ছবিতে বাংলাদেশের পতাকা হাতে লিওনেল মেসি। এএফএ তাদের পেশাদার সকার লিগের ফেসবুক পেজ ও টুইটার থেকে ছবিটি পোস্ট করেছে। তারা যেন এটাই বোঝাতে চাইল, বাংলাদেশে সমর্থকেরা আর্জেন্টিনার হৃদয়ে আছেন। সর্বোচ্চ সম্মানে, দলের সেরা তারকা মেসিকে দিয়েই সেটি উপস্থাপন করেছে এএফএ। 

ক্যাপশনে লিওনেল মেসি এবং বাংলাদেশের নাম লিখে, মাঝখানে দেওয়া হয়েছে লেফট ও রাইট ফেসিং ফিস্ট, যা বাংলাদেশের সমর্থকদের প্রতি অভিবাদনের চিহ্ন। আর্জেন্টিনা ও বাংলাদেশের পাশাপাশি পতাকা দিয়ে লিখেছে, ‘এটাই, সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’ 

বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের ধন্যবাদ জানাতেই বাংলাদেশি পতাকা এডিট করে মেসির হাতে বসিয়েছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

 আর্জেন্টিনার শেষ ষোলো নিশ্চিত করার সহজ রাস্তা পোল্যান্ডকে হারানো। আর পোল্যান্ডের সাথে ড্র করলে সৌদির হার কিংবা ড্র'র দিকে তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তাদের।  বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।

 

আমাদের কাগজ//টিএ