খেলাধুলা ২৬ নভেম্বর, ২০২২ ০৯:০৫

বড় সুসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আইসিসি সুপার লিগে ভালো অবস্থানের কারণে ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায় বাংলাদেশ। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি সাফল্য বাংলাদেশের।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশকে সুপার লিগে সেরা আটে থাকতে হতো। সেখানে ১৮ ম্যাচের পর পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে ছিল বাংলাদেশ। ফলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের। সেখানে টাইগারদের সরাসরি খেলা নিশ্চিত হয়েছে দুই সিরিজ আগে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তান।

শুধু বাংলাদেশ নয়, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিক ভারতের। ভারত স্বাগতিক এবং সুপার লিগের শীর্ষে থাকায় সরাসরিই সুযোগ পাচ্ছে। এ ছাড়াও ইংল্যান্ড ১২৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। পরের চার দল অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান; সবারই ঝুলিতে সমান ১২০ পয়েন্ট। শ্রেয়তর নেট রান রেটে অস্ট্রেলিয়া আপাতত আছে তিনে। এই ছয় দলকে টপকে যাওয়ার সুযোগ নেই তালিকার নিচের দিকে থাকা পাঁচ দলের।

সুপার লিগের নিয়মানুযায়ী, ২০২৩ বিশ্বকাপে স্বাগতিক ভারত তো সুযোগ পাবেই, তার সঙ্গে সেরা সাত দল (মোট ৮টি) সরাসরি যাবে বিশ্বকাপে। ১৩ দলের বাকি পাঁচ দল আনুষ্ঠানিক বাছাইপর্ব খেলবে নিচের স্তরের বাছাইপর্ব পেরিয়ে আসা আরও পাঁচ দলের সঙ্গে, ১০ দলের সেই বাছাইপর্ব থেকে ২ দল সুযোগ পাবে বিশ্বকাপে। ১৩ দলের সুপার লিগে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে।

এদিকে সরাসরি খেলার জন্য আরও ন্যূনতম দুটি জায়গা খোলা রয়েছে। সেই জায়গাগুলোতে সুযোগ পাওয়ার জন্য লড়াই করছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। তবে এরমধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে আফগানিস্তান। দলটি ১৩ ম্যাচেই ১১০ পয়েন্ট অর্জন করে নিয়েছে। তাদের সামনে রয়েছে আরও ১১ ম্যাচ।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের ভেন্যু ও সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আমাদেরকাগজ/এইচএম