খেলাধুলা ২৬ নভেম্বর, ২০২২ ০৫:৫২

নেইমার না থাকলে বিশ্বকাপের সৌন্দর্য থাকে না- পেসার রুবেল

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে নিয়ে চিন্তিত সেলেসাওরা। টিওয়াইসি স্পোর্টসসহ একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, পুরো গ্রুপ পর্বে পাওয়া যাবে না নেইমারকে। এর ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে থাকছেন না নেইমার। অর্থাৎ ব্রাজিল নকআউটে গেলেই শুধু মাঠে নামতে পারবেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে ব্যথিত করেছে নেইমারের এই ছিটকে যাওয়া। শনিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়েছেন তিনি।

তিনি জানান, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল টিমের সাপোর্টার। সত্যি, নেইমারের জন্য খারাপ লাগছে। আমি কখনোই চাই না, শুধু নেইমার নয় যেকোনো ফুটবলার বিশ্বকাপের মতো এত বড় আসর থেকে ইনজুরির কারণে ছিটকে যাক।

রুবেলের দাবি, তুমি (নেইমার) না থাকলে বিশ্বকাপের সৌন্দর্য থাকে না। নেইমার অনন্য এক ফুটবল প্রতিভার নাম। ২০১৪ সালেও ঘরের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিঠের চোটে পড়েছিলেন নেইমার। পরে সেমিতে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল ব্রাজিলের। এবার কাতার বিশ্বকাপেও কি নেইমার বাদ পড়বেন। নাকি নকআউট পর্বে ব্রাজিল জায়গা করে নিলে মাঠে ফিরতে পারেন, তাই এখন দেখার বিষয়।

আমাদেরকাগজ/ এএইচ