খেলাধুলা ২৬ নভেম্বর, ২০২২ ০৯:৫২

কাতার বিশ্বকাপ

ফাইনালের আগেই ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: সৌদি আররের কাছে হারের পর এখন মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। এবার পা হড়কালেই হতে পারে বড় বিপদ। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে লিওনেল মেসির পথচলা থেমে যেতে পারে আগেভাগেই। লুসাইল স্টেডিয়ামে শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায় মেসি-দি মারিয়ারা। আর মেক্সিকো তাদের বিশ্বকাপ মিশন শুরু করে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে।

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যেখানে মুখোমুখি দাঁড়িয়ে মেসি ও মার্তিনো। ২০১৪ সালের অগাস্ট থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন মার্তিনো। এই সময়ে তার কোচিংয়ে খেলেন মেসি। বার্সেলোনাতেও স্বল্প মেয়াদে আর্জেন্টিনা অধিনায়কের কোচ ছিলেন মার্তিনো।

মেক্সিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। মার্টিনেজ বললেন, 'এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ, যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।'

সৌদি আরবের বিপক্ষে নিজেদের করা সেসব ভুল আর মেক্সিকোর বিপক্ষে করতে চান না মার্টিনেজ। 'আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট ব্যবধানে হেরেছি, আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।'

 

আমাদের কাগজ//টিএ