খেলাধুলা ১৯ নভেম্বর, ২০২২ ১০:৫৬

যেভাবে বিশ্বকাপ জিততে চায় ভিনিসিয়ুস জুনিয়র

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: গত দুই বিশ্বকাপে ব্রাজিলের গুরুদায়িত্ব ছিল নেইমারের কাঁধে। এবারও সেলেসাওদের সেরা তারকা ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাঁর ওপর ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও অনেক। এই প্রত্যাশার চাপে ভেঙে পড়ার আশঙ্কাও আছে নেইমারের। কিন্তু কাতারে নেইমারের ওপর থেকে চাপ কমাতে চান ভিনিসিয়ুস জুনিয়র। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চান ২২ বছরের তরুণ এই ফরোয়ার্ড।

২০ বছরের অপেক্ষা ফুরানোর লক্ষ্যে কাতারে যাচ্ছে ব্রাজিল। গত চার আসরে বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি সেলেসাওদের। এবার ট্রফি উঁচিয়ে ধরার দারুণ সুযোগ উঁকি দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে চান নেইমাররা।

বিশ্বকাপ জেতার লক্ষ্যে ভারসাম্য দল গড়েছে ব্রাজিল। অভিজ্ঞ নেইমারের সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, রাফিনিয়াদের মতো তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়।  

সাম্প্রতিক সময়ে নিজেকে অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনি।  নেইমারকে যথাযথ সাহায্য করতে পারলেই তাঁর ওপর থেকে চাপ কমে যাবে বলে মনে করেন ভিনিসিয়ুস, ‘নেইমারের চাপ কমাতে চাই। সে একটি জাতির আশা-আকাঙ্ক্ষা বহন করছে। অনেক তরুণ বয়স থেকেই নেইমার এমন চাপের মধ্য দিয়ে খেলে আসছে। '  জাতীয় দল ও ক্লাবের অভিজ্ঞ সতীর্থদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছেন বলেও মন্তব্য করেছেন ভিনিসিয়ুস, ‘আমি অনেক বেশি শুনি। আমি করিম (বেনজেমা) এবং নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে শিখতে পছন্দ করি।’

প্রথমবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমবার বলেই বেশ রোমাঞ্চিত তিনি। তবে বিশ্বকাপের মতো আসরে কতটুকু চাপ সামলাতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাপ মোকাবেলা করা সব সময় সহজ আমার জন্য। সেরা হতে হলে চাপ সামলাতেই হবে। এটা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে খেলতে দারুণ সাহায্য করে। কারণ আমি এমন সব খেলোয়াড়ের কাছ থেকে শিখতে পারি যারা তাদের ক্যারিয়ারে অনেক কিছু জিতেছে। ’

 

আমাদের কাগজ//টিএ