স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের ২৩তম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানে হারে টাইগাররা। খেলা শেষে বাংলাদেশ দলের আক্ষেপ, প্রাপ্য ৫টি রান তারা পায়নি। ফেইক ফিল্ডিংয়ের অভিযোগ তোলা হলেও পেনাল্টি দেয়া হয়নি ভারতীয় দলকে। এছাড়াও বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন অধিনায়ক সাকিব আল হাসান। এই দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সময়টিভি, চ্যানেল২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার সকালে বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেইক ফিল্ডিং ও পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ।
এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। অভিযোগ করার সুযোগ আছে কিনা দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।
বাংলাদেশের ইনিংস চলাকালীন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ফেইক থ্রো করেছিলেন। বল হাতে না নিয়েই থ্রো করার ভঙ্গি করেন। আম্পায়ার বিষয়টি খেয়াল না করায় পেনাল্টি হিসেবে বাড়তি ৫ রান পায়নি টাইগাররা। এটি নিয়ে ম্যাচ শেষে আক্ষেপ করেছেন নুরুল হাসান সোহান।
মিক্সড জোনে দাঁড়িয়ে এ উইকেটরক্ষক ব্যাটার বলেন, মাঠ যে ভেজা বাইরে থেকে আপনারাও দেখছেন, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও হয়নি।
আমাদের কাগজ//টিএ






















