খেলাধুলা ১৮ অক্টোবর, ২০২২ ০৩:০৯

নামিবিয়াকে হারিয়ে জয় তুলে নিলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়ে দারুন শুরু করেছিলো নামিবিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে নামিবিয়া। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে কেবল ১২১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল নামিবিয়া। জবাবে রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় ডাচরা। এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দলের।

১২২ রানের লক্ষ্যে রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস দুই ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ওলডের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। নবম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫৯ রানে সাজঘরে ফেরেন বিক্রমজিত। তার আগে ৩ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করেন তিনি। এরপর ম্যাক্স ওলড ফেরেন ৩৫ রান করে।

মূলত তার বিদায়ের পরেই ম্যাচে ফেরে নামিবিয়া। দ্রুত তুলে নেন টম কুপার (৬), কলিন আকারম্যান (০) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডের (১) উইকেট।তবে ওয়ান ডাউনে নামা বাস ডি লিডির ৩০ ও টিম প্রিঙ্গেলের ৯ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় নেদারল্যান্ডস।

 

আমাদের কাগজ// টিএ