খেলাধুলা ৮ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৯

নিষেধাজ্ঞার পরও আজ আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক ।। 

ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণ দেখিয়ে আইসিসি জিম্বাবুয়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর থেকেই জিম্বাবুয়ে ক্রিকেটে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আইসিসির কোনো টুর্নামেন্টে আপাতত খেলতে না পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ত্রিদেশীয় টি ২০ সিরিজ খেলতে আজ রাতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

শুক্রবার বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। আগামীকাল ও পরশু জিম্বাবুয়ে দল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

শুক্রবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে তারা। সিরিজের অপর দলটি আফগানিস্তান। গ্রুপপর্বে ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর ১৮, ২০ এবং ২১ সেপ্টেম্বর পরের তিনটি ম্যাচ হবে চট্টগ্রামে। ২৪ সেপ্টেম্বর ফাইনাল হবে মিরপুরেই।