ডেস্ক রিপোর্ট ।।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলছেন বিরাট কোহলি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গী বাবর আজম।
এই কথা শুনে বিরাট ভক্তরা অবাক হতে পারেন! কিন্তু অবাক হওয়ায় কিছু নেই। কারণ, ৬ সেপ্টেম্বর ছিলো পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। ওই দিনই একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান।
ভিডিওটির বিষয়ে টুইট করেছেন পাকিস্তানি সাংবাদিক নাইলা ইনায়াত। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সাল ২০২৫। ইংল্যান্ডের বনাম পাকিস্তানের টি-২০ ক্রিকেট ম্যাচের আসর বসেছে শ্রীনগরে। আর কমেন্ট্রিতে শোনা যাচ্ছে, বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে নামছেন বাবর আজম।
আর ম্যাচটি দেখছে একটি পাকিস্তানী পরিবার। সেখানে একটি মেয়ে তার বাবাকে বলছে, দেখবে কোহলি আজ ম্যাচ জিতিয়ে দেবে। মেয়েটির বাবা জবাব দেয়, জানো বিরাট কোহলি আগে ভারতের হয়ে খেলত। তখন হতচকিত হয়ে মেয়েটি প্রশ্ন করে, কে ভারত? ওই পাকিস্তানি ব্যক্তি মুচকি হাসেন। আর ঠিক পরের দৃশ্যেই দেখা যায়, গোটা ভারত দলই হয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেটদল।






















