স্পোর্টস ডেস্ক
বড়দিনের পূর্বে বেশ স্বস্তিতে আছে পিএসজি। শেষের ১২ মিনিটে ৩ গোল করে স্ত্রাসবুরকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।
গতকাল বুধবার রাতে লিগ ওয়ানের মাঠে একটি করে গোল করেন তিমোথি পেমবেলে, কিলিয়ান এমবাপ্পে, ইদ্রিসা গেয়ি ও মোইজে কিন। শুরু থেকেই ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করা পিএসজি ১৮তম মিনিটে গোলের দেখা পায়। আনহেল দি মারিয়ার শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ফরাসি ডিফেন্ডার পেমবেলে।
শেষ দিকে ১২ মিনিটের মধ্যে তিন গোল করে বড় জয় নিশ্চিত করে টুখেলের দল। ৭৯তম মিনিটে ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৮৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে অসাধারণ এক গোল করেন গেয়ি। আর যোগ করা সময়ে জালের দেখা পান কিন।
লিগে ১৭ ম্যাচ খেলে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে পিএসজি।






















