খেলাধুলা ৩১ আগস্ট, ২০১৯ ০৪:১২

লাল-সবুজের লড়াইয়ে বিবর্ণ বাংলাদেশের টেস্ট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক ।। 

বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ টেস্ট খেলেছে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। লম্বা বিরতির পর আবারো লাল বলে ফিরছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র টেস্টের আগে তাই নিজেদের যাচাই করতে লাল আর সবুজ দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছেন সাকিব-মুশফিকরা। 

শুক্রবার প্রথম দিন ব্যাটিং করা লাল দলের অধিনায়ক ছিলেন সাকিব, কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি।

আরো পড়ুন: বিশ্বকাপে মাশরাফির পারফর্ম নিয়ে যা বললেন সাকিব

গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে রেকর্ড রান করা সাকিব দেড় মাস পর ব্যাট হাতে নিলেন। দুইবার ব্যাটিং করেও ব্যর্থ টেস্ট অধিনায়ক। নবম ওভারে তাসকিন আহমেদের কাছে বোল্ড হন রানের খাতা না খুলে। আবার বাঁহাতি ব্যাটসম্যান নামেন ৭ নম্বরে, এবার তাইজুল ইসলামের কাছে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ৯ রান করে।

সাকিব জ্বলে উঠতে না পারলেও লাল দলকে ২৬৮ রান এনে দিতে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে বল হাতে দিনটা নিজের করে নেন সবুজ দলের পেসার তাসকিন। লাল দলের হয়ে টেস্টসুলভ মেজাজেই দেখা গেছে মাহমুদউল্লাহ ও লিটন দাসকে। ২৮৩ মিনিট ক্রিজে থেকে ১৮৯ বল মোকাবিলা করে মাহমুদউল্লাহ ব্যক্তিগত ঝুলিতে পুরেছেন ১০৭ রান। ২৫ রান করলেও লিটন ক্রিজে টিকে ছিলেন ১০৪ মিনিট, বল খেলেন ৭৩টি।

আরো পড়ুন: যে কারণে দলে নেই মোস্তাফিজ

প্রথম দিন তাসকিন ১২.১ ওভার বল করেন। ফিটনেস ফিরে পেয়ে দারুণ ছন্দে আছেন তিনি। ইনিংসের পুরো সময়ে তার লাইন লেন্থ ছিল দুর্দান্ত। যার পুরস্কার তিনে পেয়েছেন ৪ উইকেট নিয়ে। সাকিব-মাহমুদউল্লাহ-সাব্বির তার বোলিংয়ে বেশ ভুগেছেন। তাসকিন ছাড়াও এবাদত হোসেন নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া তাইজুল, আরিফুল ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নিয়েছেন। প্রথম দিনে ৮৪.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় লাল দল।

শনিবার দ্বিতীয় ও শেষ দিনে মুশফিকুর রহিমের নেতৃত্বে ব্যাট করবে সবুজ দল।

সংক্ষিপ্ত স্কোর

লাল দল: ৮৪.১ ওভারে ২৬৮ (মাহমুদউল্লাহ ১০৭, আবু হায়দার রনি ৪০, সাব্বির রহমান ৩৪, লিটন দাস ২৫, শফিউল ইসলাম ১৯, জহুরুল ইসলাম ১৩; তাসকিন ৪৫/৪, এবাদত ৪২/৩, তাইজুল ৪১/১, মোসাদ্দেক ৪১/১, আরিফুল ১৫/১)।