স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে এ কোন চেহারায় দেখাচ্ছে বার্সেলোনা। প্রায় কোন স্টার খেলোয়াড় না নিয়েই টানা ৪ জয়ে শেষ ষোলোয় কুমানের দল।
মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই মৌসুমে প্রথমবার নেমেই জোড়া গোল করেন স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েট। অঁতোয়ান গ্রিজমান ও সের্জিনো দেস্ত করেন একটি করে গোল।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় হেরে যাবার পর দলে বিশাল পরিবর্তন আনেন কুমান। প্রায় ‘বি’ দল নিয়েও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সেলোনা।
পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলা দিনামোর রক্ষণ ভাঙার সৃজনশীলতা দেখাতে পারেননি ফিলিপে কৌতিনিয়ো, পেদ্রি, ফ্রান্সিসকো ত্রিনকাওরা।
যদিও জেরার্দ পিকে, সের্হিও রবের্তো, দানি আলভেসদের অনুপস্থিতি বুঝতেই দেননি অস্কার মিনগেসা, জুনিয়র ফিরপো ও দেস্ত।
দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে দিনামো। প্রথম পাঁচ মিনিটে দুটি ভালো সুযোগও তৈরি করে তারা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় টের স্টেগেনকে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি দলটি।
৫২তম মিনিটে নিজেদের প্রথম ভালো গোলের স্বাদ পায় বার্সেলোনা। ডি-বক্সে পেদ্রির পাস পেয়ে ব্রাথওয়েট বাড়ান দেস্তকে। কিছুটা এগিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। বার্সেলোনার হয়ে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডারের এটা প্রথম গোল।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। কর্নার থেকে মিনগেসার হেড দূরের পোস্টে পেয়ে স্লাইড করে জালে পাঠান এই ডেনিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে এটা তার প্রথম গোল।
৭০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান ব্রাথওয়েট। তাকেই দেনিস পোপভ ধাক্কা দেওয়ায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা।
একের পর এক আক্রমণ করে যাওয়া সফরকারীরা চতুর্থ গোলটি পায় যোগ করা সময়ে। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন গ্রিজমান। আসরে এটাই ফরাসি এই ফরোয়ার্ডের প্রথম গোল।
টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে দিনামোর পয়েন্ট ১।
গ্রুপের অন্য ম্যাচে ফেরেন্সভারোসকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইউভেন্তুসও। চার ম্যাচে তিন জয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৯। তলানিতে থাকা ফেরেন্সভারোসের পয়েন্ট ১।






















