স্পোর্টস ডেস্ক ।।
বাবা খেলেন বার্সেলোনায় কিন্তু পুত্রের সমর্থন করে রিয়াল বেতিসকে! রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে বেতিসের বিপক্ষে চোটের কারণে ছিলেন না বার্সেলোনার দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
আর্জেন্টাইন তারকা মাঠে খেলা দেখতে বসেছিলেন তার পুত্রদের নিয়ে। সঙ্গে ছিলেন সুয়ারেজ। ম্যাচের ১৫ মিনিটে নাবিল ফেকিরের গোলে এগিয়ে যায় বেতিস। তা দেখে স্বাভাবিকভাবে হতাশা প্রকাশ করেন মেসি-সুয়ারেজ।
আরো পড়ুন: বিপিএলের সপ্তম আসরে থাকছে না কুমিল্লা
কিন্তু দু’হাত ছড়িয়ে ‘গোল’ বলে চিৎকার দিয়ে ওঠেন মেসির তিন বছর বয়সী পুত্র মাতেও। তা দেখে আশ্চর্য হন সুয়ারেজ। হাস্যোজ্জ্বল মুখে মাতেওকে একটু ‘তিরস্কার’ও করেন তিনি।
পরে অবশ্য হাসিতে ফেটে পড়েন উরুগুইয়ান ফরোয়ার্ড। না হেসে পারেননি মেসিও। এমনকি মাতেও’র বেতিস সমর্থন দেখে হাসেন ধারাভাষ্যকাররাও।






















