খেলাধুলা ১৯ নভেম্বর, ২০২০ ১২:২১

বুমরাহকে থামানোর উপায়

স্পোর্টস ডেস্ক

সামনের অস্ট্রেলিয়া-ইন্ডিয়া সিরিজে ভারতের পেস আক্রমণের ভরসা এবং অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি নাম জাসপ্রিত বুমরাহ। এই ফাস্ট বোলারের দুর্বল দিক খুঁজে বের করছেন জশ হেইজেলউড। বুমরাহকে ক্লান্ত করে তুলতে পারলে খেলা অস্ট্রেলিয়া পক্ষে আসবে বলে মনে করেন অস্ট্রেলিয়ান এই পেসার।

২০১৭-১৮ বোর্ডার-গাভাস্তার ট্রফি জিতে ভারত নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয় করে ফিরেছিল অস্ট্রেলিয়া থেকে। সেই সিরিজে ২১ উইকেট নিয়ে বুমরাহ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি।

সময়ের সেরা বোলারদের একজন এই ফাস্ট বোলার আছেন এবারও। তার সাথে পেস আক্রমণে আছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদিপ সাইনি, মোহাম্মদ সিরাজরা। চোট কাটিয়ে ফিট হতে পারলে যোগ দিতে পারেন ইশান্ত শর্মাও। তবে বুধবার এক সাক্ষাৎকারে হেইজেলউড বললেন, সবচেয়ে বেশি নজর রাখতে হবে বুমরাহর দিকেই।

জশ হেইজেলউড বলেন, “ বুমরাহ সম্ভবত সবচেয়ে এগিয়ে। বোলিং অ্যাকশনের কারণেই সে আলাদা। দিনভর একইরকম পেস ধরে রাখতে পারে সে, সিরিজ জুড়েও ধরে রাখে। অনেক ওভার বোলিং করাতে বাধ্য করতে হবে তাকে। প্রথম দুই টেস্টেই ক্লান্ত করে তোলার চেষ্টা করতে পারলে কাজ হতে পারে।”