স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ম্যাচসহ বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনাভাইরাসের প্রকোপে শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন সম্ভব হয়নি।
করোনার দীর্ঘ বিরতির পর আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দু'টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্য দিয়েই আবার মাঠে নামবে জেমি ডে’র শিষ্যরা। এই সিরিজটি উৎসর্গ করা হবে জাতির জনকের নামে। আজ রোববার বাফুফে’তে আয়োজিত এক সংবাদ সম্মলনে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন জানান, ‘ফুটবলারদের ফিটনেস পুরোপুরি ফিরে আসতে আরও সময় প্রয়োজন। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফুটবল মাঠে ফেরানো। যে কারণে নেপাল দলকে আমরা আমন্ত্রণ জানিয়ে ঢাকায় এনেছি। এই ম্যাচ দু’টি সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে আয়োজন করা হবে। ’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা ৭-৮ মাস অনুশীলনের বাইরে ছিল। তাই দ্রুত তাদের ফিটনেস শতভাগ ফিরিয়ে আনা সম্ভব নয়। এখনও কয়েকদিন বাকি আছে। প্রথম ম্যাচের পরই বোঝা যাবে তাদের ফিটনেসের কি অবস্থা। ’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজি নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মাহফুজা আক্তার কিরণসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা।






















