স্পোর্টস ডেস্ক
একের পর এক সুযোগ মিস করার খেসারত দিতে হলো বার্সেলোনাকে। সুযোগ হারিয়ে আলভেসের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে রোনাল্ড কোম্যানের দল।
গতকাল শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচে আলভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে মেসি-গ্রিজম্যানদের দুঃসময় লেগেই চলছে। এই নিয়ে লিগ চার ম্যাচে জয়শূন্য কাতালান ক্লাবটি। এর আগে সেভিয়ার বিপক্ষে ড্র করার পর গেটাফে ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারে কোম্যান শিষ্যরা।
এদিন ম্যাচের শুরুতে বেশ আগ্রাসীই ছিল বার্সা। কিন্তু রক্ষণ আগলে থাকা আলভেসের প্রতিরোধ ভাঙতে পারেনি অতিথিরা। ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ আসে। কিন্তু ১৮ বছরে পা রাখা ফাতি ঠিকঠাক শট নিতে পারেননি।
২৩ মিনিটের সময় লিওনেল মেসির ফ্রি কিক গোললাইন থেকে বাঁচিয়ে আলভেসের ফুটবলার নাভারো হিমেনেস। পাল্টা আক্রমণে ৩১ মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সা। জেরার্ডের পা থেকে বল নিয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে আলভেসকে এগিয়ে নেন লুইস রিয়োজা।
গোল খেয়ে কিছু ছন্দ হারায় বার্সা। এরপর বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। একটা সময় হারার শঙ্কা জাগলে গোল করে দলকে উদ্ধার করেন গ্রিজম্যান। ম্যাচের ৬২ মিনিটে স্কোরলাইন ১-১ করেন ফরাসি তারকা।
এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্পেনের সফলতম দলটিকে।
চলতি লিগে ৬ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে ওয়েস্কাকে ৪-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিদান শিষ্যরা। ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে রিয়াল সোসিয়েদাদ আর চারে আছে কাদিস।






















