বিনোদন ডেস্ক
কোনো সিনেমা নয়, বরং বাস্তব জীবনে ক্যান্সারকে হার মানালেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আজ বুধবার তিনি নিজেই এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে সঞ্জয় দত্ত এক টুইট বার্তায় তার সকল ভক্তদের জানিয়েছিলেন, দু’টি কেমোথেরাপি হয়েছে তার এখন রিপোর্টের অপেক্ষা। আজ সেই রিপোর্ট হাতে এলো সঞ্জয়ের।
সামাজিকমাধ্যমে ভক্তদের সুখবর জানাতে দেরি করেননি বলিউডের ‘সঞ্জু বাবা’। ৬১ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমি এবং আমার পরিবার একটি কঠিন সময়ের মধ্যে ছিলাম। ঈশ্বর তার শক্তিশালী এক সৈন্যকে (সঞ্জয় দত্ত) কঠিন যুদ্ধের (ক্যান্সার) মুখোমুখি করেছিলেন। আজ ২১ অক্টোবর আমার ছেলে ও মেয়ের জন্মদিনে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি সেই যুদ্ধে জয় লাভ করেছি। তাদের আমার সুস্বাস্থ্য উপহার দিতে পেরে আনন্দিত।’
তিনি আরও লিখেছেন, ‘আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই যুদ্ধে জয়ী হতে পারতাম না, যদি এই সুস্থ তার জন্য চিকিৎসক ডা. সেওয়ান্তি ও বাকি স্বাস্থ্যকর্মীরা না থাকতো। আমার পরিবারের পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাই, যারা এই সময়ে আমাদের শক্তি জুগিয়েছে।‘
কয়েকমাস আগে হঠাৎ করেই সকল কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন সঞ্জয় দত্ত। তারপর জানা যায় তার শরীরে বাসা বেধেছে ক্যান্সার। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় সঞ্জয় জানিয়েছিলেন, এবার কাজে ফিরতে চলেছেন তিনি। নভেম্বরেই শুরু করবেন ‘কেজিএফ চ্যাপ্টার ২’র শুটিং।






















