বিনোদন ২১ অক্টোবর, ২০২০ ১০:৪২

সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি 

বিনোদন ডেস্ক  

পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে তার স্নায়বিক সমস্যা প্রকট হয়। বেড়ে যায় আচ্ছন্নতা। সৌমিত্রের গ্লাসগো কোমা স্কেল অনেকটাই নেমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তাঁর মেডিকেল টিমের চিকিৎসকেরা।

একজন সুস্থ শরীরের মানুষের সাধারণত গ্লাসগো স্কেলের মাত্রা ১৫ থাকে। কিন্তু গতকাল সন্ধ্যায় সৌমিত্রের এই মাত্রা ৯–এ নেমে যায়। এই মাত্রা ৩–এ পৌঁছালে সাধারণ মানুষের ব্রেন ডেথ হয়। গত কয়েক দিন সৌমিত্রের শরীরে জ্বর না এলেও তাঁর মস্তিস্কে আচ্ছন্নতা বেড়েই চলেছে। সৌমিত্রের প্রোস্টেট ক্যানসার, সিওপিডি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে।

এর আগে গত ৬ অক্টোবর করোনা–আক্রান্ত সৌমিত্রকে ভর্তি করা হয় কলকাতার বেলভিউ নার্সিংহোমে।  

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৫ বছর। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে।