বিনোদন ১১ অক্টোবর, ২০২০ ০১:৩৫

সমালোচনার মুখে ভিডিও মুছে দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষকদের শাস্তি চেয়ে গতকাল ৬ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছিলেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সেই ভিডিওকে ঘিরে বিতর্কের সূচনা হয়। কেননা সেই ভিডিওর একটি অংশে অনন্ত জলিল দাবি করেছিলেন নারীর পোশাক ধর্ষণের জন্য দায়ী। সেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। বরেণ্য ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দেন।

এমন পরিস্থিতিতে নিজের ভিডিওতে সংশোধন এনেছেন অনন্ত জলিল। নারীর পোশাক সংক্রান্ত সব মন্তব্য মুছে দিয়েছেন তিনি। ৬ মিনিটের ভিডিও কেটে ৩ মিনিটে নিয়ে এসেছেন। নতুন ভিডিওতে সবাই অনন্ত’র প্রশংসাই করছেন। কেননা নারীর পোশাক নিয়ে কিছু ভুল মন্তব্য করলেও এই অভিনেতার মূল লক্ষ ধর্ষণ ও ধর্ষকের বিরুদ্ধে তাতে কোনো সন্দেহ নেই।