বিনোদন ৫ নভেম্বর, ২০১৯ ০৭:৪৬

মিথিলার ভাইরাল হওয়া অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন ভাবনা

বিনোদন ডেস্ক ।। 

জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই পাশে দাঁড়িয়েছেন মিথিলার। তাদের মতে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা ঠিক না । আর যারা এ ছবি ভাইরাল করেছেন তারা বিক্রিত মস্তিষ্কের মানুষ।

এবার মিথিলার পাশে দাঁড়ালেন সহ অভিনেত্রী ভাবনা। তিনি বলেন, ‘এটা খুবই অসম্মানজনক। আমরা সত্যিই জানি না সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করতে হবে। আমি তরুণ অভিনেত্রী। দেশের বাইরে যাই। সেখানে গিয়ে ছোট পোশাক পরে ছবি আপলোড করি। কমেন্টে কী জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়! শাড়ি পরে ছবি দিলেও গালাগালি। শুধু আমি নই, জ্যেষ্ঠ অভিনেত্রীদের ছবির নিচেও বাজে কমেন্ট করা হয়। সেটা যদি সুন্দর ছবিও হয়, তবুও।’

ভাবনা আরো বলেন, ‘আমার কাজ অভিনয় করা। এটা আমার পেশা। তার মানে তো এই নয় যে আমি খারাপ মানুষ। আমরা আসলে মানুষকে সম্মান করতে জানি না। আগে সবাই অভিনয়শিল্পীদের সম্মান করত, এখন কেউ করে না। এটা দুঃখজনক।’ যারা ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়, তাদের রুচি নিয়েও প্রশ্ন তোলেন এ অভিনেত্রী।

অভিনেত্রী মিথিলার প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভাবনা বলেন, ‘মিথিলা অনেক বড় অভিনেত্রী। গুণী মানুষ। শুধু তা-ই নয়, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার। এ ছাড়া তিনি একজন মা। হ্যাকার বা যারা ব্যক্তিগত ছবি ছড়িয়েছে, তারা জঘন্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এসবে আসলে মিথিলা আপুর কিছুই হবে না। তবে একটা কথা সবার মনে রাখা উচিত—আমরা মানুষকে সম্মান দিতে না জানি, অন্তত যেন কারো ক্ষতি না করি। আর এভাবে চলতে থাকলে তো ফেসবুক ছেড়ে দিতে হবে। কী দরকার ফেসবুক ব্যবহার করে গালি শোনার?’