বিনোদন ২৫ জুন, ২০২৩ ০১:২৪

‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা আর নেই

আমাদের কাগজ রিপোর্ট: দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা ওরফে তাপস দাস। থেমে গেল সে লড়াই। শেষ রক্ষা আর হল না। মারণ রোগই কাড়ল প্রাণ। রবিবার এই দুঃসংবাদ দিলেন রূপম ইসলাম। তার প্রয়াণে শোকস্তব্ধ সংগীতদুনিয়া।

তাপস দাসের শরীরে থাবা বসিয়েছিল ক্যানসার। কিন্তু শিল্পী লড়ে যাচ্ছিলেন। আর তাকে অনবরত সাহস জুগিয়ে যাচ্ছিলেন গুণমুগ্ধরা। তার চিকিৎসার খরচ জোগাতে রাঘব চট্টোপাধ্যায়, পটা, অনিন্দ্যরা অনুষ্ঠানও করেছিলেন। চিকিৎসার ভার নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সব চেষ্টাই বৃথা। শেষমেশ আর সুস্থ করে ফেরানো গেল না তাকে।

তাপস দাস ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এই কর্কটরোগের চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা তার ছিল না। ফলে ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। মুখ্যমন্ত্রীর কানে সেই খবর যেতেই তিনি তাপস দাসের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে বলেন। বাংলার সংগীতশিল্পীরাও পাশে ছিলেন। তবে সেই দীর্ঘ লড়াই এবার থামল। না ফেরার দেশে চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা।

 

 

আমাদের কাগজ/টিআর