বিনোদন ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৩৩

‘কাঁচাবাদাম’ উচ্চারণ করতে পারছেন না সেই ভুবন বাদ্যকর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ একসময়কার ভাইরাল ‘কাঁচাবাদাম’ গানটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলে আসলেও এখন আর খুব বেশি একটা দেখা যায় না। ভাইরাল ‘কাঁচাবাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি।  বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হয় এই গান।  

তবে দীর্ঘদিন ধরেই এই বাদ্যকরের খোঁজ না থাকলেও। সম্প্রতি কান্নায় আব্রুত স্বরে ভুবন বাদ্যকর জানান, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের ঝামেলায় ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

তিনি আরও বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। কোনো জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে। আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।’

ভুবন বাদ্যকরের অজান্তেই তার গানের কপিরাইট কিনেছে অন্যজন। তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তার। নিজের গানের টাকা পাচ্ছেন না। অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে। রীতিমতো আর্থিক দুর্দশায় পড়েছেন এই শিল্পী।

প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করেন। ভাজা বাদাম নয়, কাঁচা বাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি। এই গানের কথা যুক্ত হয়েছে টাকা ছাড়াও যার বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরোনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।

গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পর নানা শ্রেণির অভিনেতা-অভিনেত্রী এই গানে কোমর দুলিয়েছেন। করেছেন ডুয়েট ভিডিও।

গাড়ী কিনেছিলেন এই বাদ্যকর। আবার এই গাড়ী কেনার পর পর দুর্ঘটনার শিকারও হয়েছিলেন তিনি। ভারতীয় এর রিয়্যালিটি শো-তে বাদাম বিক্রি করবেন না বলেও সমালোচনায় উঠে এসেছিলেন এ বাদ্যকর । 

সূত্র : হিন্দুস্তান টাইমস

আমাদের কাগজ/এমটি