বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম বিয়ে করছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রীতম-শেহজাদের মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। মেহেদি অনুষ্ঠানের ছবিতে দেখা যায় হাতে প্রীতমের নাম লিখেছেন শেহতাজ।
জানা যায়, পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় প্রীতম-শেহজাদের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ। পাঁচ বছর পর অবশেষে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘জাদুকর’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয় করেও নজর কেড়েছেন। সবশেষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।
আমাদের কাগজ//জেডআই






















