বিনোদন ২৫ অক্টোবর, ২০২২ ০৬:৫৪

জন্মদিনে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার ছিলো এই নায়িকার জন্মদিন। প্রতি বছরের মত জমকালো ভাবে উদযাপন করা হয় এবারের দিনটিও। তবে এবার ভিন্ন এক কথা বললেন তিনি।

এ বছর প্রথমবারের মতো সন্তানকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার নায়িকা। প্রতিবার বিশেষ কোনো থিম নিয়ে সাজানো হয় পরীমনির জন্মদিন। এবারও শান্তির পায়রার সঙ্গে শ্বেত শুভ্র পালক দিয়ে সাজানো হয়েছিল জন্মদিনের আয়োজন।

সোমবার রাতে এ অনুষ্ঠান পালন করা হয়েছে। পরীমনি রাত সাড়ে ১১টার দিকে জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হলে পরীর শুভাকাঙ্ক্ষীরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানান।

পরীর এবারের জন্মদিনের অনুষ্ঠানে ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ সিনেমার গান প্রকাশ করা হয়। তা ছাড়া চারজন মিলে জন্মদিনের কেক কাটেন। যারা কেক কাটায় অংশ নিয়েছেন, তারা হচ্ছেন- পরীর নানা, পরীমনি নিজে, ছেলে রাজ্য ও তার স্বামী শরিফুল রাজ।

জন্মদিন উপলক্ষ্যে তিনি বলেছেন, এবারই প্রথম আমার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন স্বামী শরিফুল রাজ। গতবার জন্মদিনেও তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু তখন বিয়ের কথা গোপন ছিল। গতবার জন্মদিনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল তাদের। 

এক প্রশ্নের জবাবে পরী বলেন, অনেকের শত্রু হয়ে গেছি আমি। মাঝে মাঝে মনে হয়, সাফল্য শত্রু হয়ে দাঁড়িয়েছে আমার। এ ছাড়া একটি বিষয় কষ্ট দেয় আমাকে। আমাদের দেশের শিল্পীদের যথাযথ সম্মান করা হয় না।

আমাদের কাগজ//জেডআই