বিনোদন ডেস্ক: বাংলাদেশে আসার কথা ছিলো নোরা ফাতেহীর। নায়িকা নিজেও এক ভিডিও বার্তায় বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, “আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।”কিন্তু ডলার সঙ্কট দেখিয়ে এবারও বাংলাদেশে আসার অনুমতি দেয়নি সরকার।
উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২’এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল শিল্পীর। ১৮ নভেম্বর ঢাকার একটি কনভেনশন সেন্টারে জমকালো মঞ্চে তার নাচার কথা ছিল। নোরা ফাতেহীকে আনতে সরকারের কাছে আবেদন করেছিল আয়োজকরা। কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সোমবার তা নাকচ করে দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান।
এর আগে মিরর গ্রুপের আয়োজনে এক অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল নোরা ফাতেহীর। গত সেপ্টেম্বরে সেই আবেদনও ‘ডলার সঙ্কটের’ কারণ দেখিয়ে নাকচ করেছিল সরকার। এরপরে উইমেন লিডারশিপ কর্পোরেশনের অনুষ্ঠানে নোরা ঢাকায় আসার চুক্তি করলে নায়িকাকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।
মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার। বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে এখন বেশ কদর তার। এর মধ্যে কাতার বিশ্বকাপের ‘থিম সংয়ে’ নোরা ফতেহির নাচ তার কদর আরও বাড়িয়েছে।
মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, “বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে… বাংলাদেশ ব্যাংকের স্মারকের পরিপ্রেক্ষিতে উইমেন লিডারশিপ কর্পোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহীকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।”
আমাদের কাগজ//জেডআই






















