বিনোদন ডেস্ক
এবার তৃণমূল ছাড়তে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়ে হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, যেখানে সম্মান পাব, সেখানেই যাব। শুধুমাত্র প্রচারের জন্য নয়, কাজের জন্য যাব। ভোট এলে শুধুই বলা হয় এখানে যাও, ওখানে যাও।ভোটের প্রচারের পর কেউ ধন্যবাদও জানায় না।এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি।বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।
এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও সেই সমীকরণের বাইরে নয়। বোলপুরের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও বেসুরো গাইবার পরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে তার দল ছাড়ার সম্ভাবনা শেষ হয়েছে বলেই মনে করা হচ্ছে।
কিন্তু শনিবার অমিত শাহ’র কাছ থেকে গেরুয়া পতাকা নিয়েছেন রুদ্রনীল ঘোষ। আগের দিন, শুক্রবার বিজেপিতে যোগ দেন ‘খড়কুটো’ সিরিয়ারের অভিনেতা কৌশিক রায়। এবার ফের গ্ল্যামার জগত থেকে আরেক দলবদলের সম্ভাবনা।
গতকাল শনিবার দল বদলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ডালমিয়া, উত্তরপাড়ার দলত্যাগী বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাটের সাবেক বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।






















