বিনোদন ডেস্ক
২০১৮ সালে করণ জোহরের ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের। এরই মধ্যে তিনি চলচ্চিত্র অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। এখন রুপালি পর্দায় পা রাখতে চলেছেন তাঁদের ছোট মেয়ে খুশি কাপুর।
অবশ্য এ নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল বলিউডে আসছে শ্রীদেবীকন্যা, বড় বোন জাহ্নবী কাপুরের মতো খুশিও একই পথে হাঁটবেন। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। কারণ, খুশি কাপুরের অভিষেকের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন স্বয়ং তাঁর বাবা বনি কাপুর।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, খুশি কাপুরের অভিষেক নিয়ে কথা বলেছেন বনি কাপুর। জানিয়েছেন, খুশি অভিনয়ে ক্যারিয়ার গড়তে বেশ আগ্রহী।
টাইমস অব ইন্ডিয়াকে বনি কাপুর বলেন, ‘হ্যাঁ, খুশি অভিনয়েও আগ্রহী। আপনারা শিগগিরই ঘোষণা শুনতে পাবেন’। তবে নিজের হাত ধরে খুশি বলিউডে প্রবেশ করুক, তা চান না প্রযোজক বাবা বনি কাপুর। তিনি চান, অন্য কেউ খুশিকে বলিউডে পা রাখতে আগ্রহী হোক। কারণ, তিনি বাবা।
এদিকে, কিছুদিন আগে খুশি কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক হয়েছে। সেই খবর ফলাও করে প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। এরই মধ্যে এ মাধ্যমে তাঁর অনুসরণকারী তিন লাখের ও বেশি ছাড়িয়েছে।






















