বিনোদন ১৮ জানুয়ারি, ২০২১ ০৩:৩৮

গোয়ায় প্রদর্শিত হবে বাংলাদেশের যে ১০ ছবি

বিনোদন ডেস্ক  

বৈশ্বিক মহামারির মাঝেও আয়োজিত হচ্ছে ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (আইএফএফআই)। ১৬ জানুয়ারি গোয়ায় শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এ বছর এ উৎসবের ‘কান্ট্রি ফোকাস’ বাংলাদেশ। তাই এবার এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ১০ ছবি। বাংলাদেশ ও ভারতের ৫০ বছরের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উদযাপন করতে ও বাংলাদেশের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেয় উৎসব কর্তৃপক্ষ।

যে ১০টি সিনেমা দেখানো হবে এ উৎসবে: তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’, নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘আলফা’, আবু শাহেদ পরিচালিত ‘জালালের গল্প’, ১১ তরুণ নির্মাতার অমনিবাস ছবি ‘ইতি তোমারই ঢাকা’, তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’, তৌকীর আহমেদের আরেকটি ছবি ‘ফাগুন হাওয়ায়’, জাহিদুর রহিমের ‘মেঘমল্লার’, রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’, তানিম রহমানের ‘ন ডরাই’ ও পিপলু খান পরিচালিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বলেন, মহামারিকালের এ দুঃসময়েও এ উৎসব ধারাবাহিকতা, সাহস আর আশার মশাল জ্বালাল। বাংলাদেশের মানুষ সিনেমা খুবই ভালোবাসে। আশা করি, আমার দেশের এ ১০টি সিনেমা এ উৎসবকে সমৃদ্ধ করবে। “নতুন স্বাভাবিকতা” শেষ করে আমরা যখন সত্যিকারের স্বাভাবিক সময়ে যাব, সে সময় আপনারা সবাই বাংলাদেশে আসবেন। আমার পক্ষ থেকে সবাইকে আমার দেশে নিমন্ত্রণ থাকল। ভারত–বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক চিরস্থায়ী হোক।

এ বছর ৫১তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব পালিত হবে মূলত অনলাইনে। দর্শকেরা অনলাইনেই এসব ছবি দেখবেন। কেবল উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান হবে গোয়ায়, সীমিতসংখ্যক বিশেষ দর্শকের উপস্থিতিতে।