বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। প্রায় ১৫ বছর আগে ‘গণ দুশমন’ ও ‘তের পান্ডা এক গুন্ডা’ নামে সিনেমা পরিচালনা মাধ্যমে নির্মাতা হিসেবে আত্নপ্রকাশ করেন। তার সিনেমা দুটিই বেশ ব্যবসাসফল হয়।
জানা যায়, দীর্ঘ বিরতির পর ফের সিনেমা পরিচালনায় ফিরছেন এ অভিনেতা। এরই মধ্যে নিয়েছেন সেই প্রস্তুতি। মাঝে অসুস্থতার কারণে তার সিনেমা নির্মাণ পিছিয়ে যায়। এছাড়া অভিনয় থেকেও ছিলেন দূরে। এখন তিনি পুরোপুরি সুস্থ। সুস্থ হয়েই তিনি সিনেমা নির্মাণের কাজে ব্যাস্ত হয়ে পরেছেন।
৭টি সিনেমা নির্মাণের প্রস্তুতি রয়েছে ডিপজলের। প্রত্যেকটি তিনি নিজেই পরিচালনা করবেন। এসব সিনেমায় অভিনয় করবেন নতুন নায়ক-নায়িকা। জানা যায়, ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক-নায়িকা তৈরি হবে এ ভাবনায় নায়ক-নায়িকার সঙ্কট দূর করতে এ কাজটি করতে চান ডিপজল।
আগামী ১৫ জানুয়ারি থেকে তিনি পরিচালক হিসেবে তার সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমার নাম ‘মানুষ কেন অমানুষ’। পরিচালনার পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।
সিনেমা নিয়ে ডিপজল বলেন, আমার সিনেমার প্রতি দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। এখনও টেলিভিশনে যখন আমার অভিনীত সিনেমা প্রচার করা হয় দর্শক অত্যন্ত আগ্রহ নিয়ে দেখেন। দর্শকের এই আগ্রহ আমাকে অনুপ্রাণিত করে। তারা আমার কোনো সিনেমা থেকেই মুখ ফিরিয়ে নেননি। অত্যন্ত আনন্দ নিয়ে উপভোগ করেছেন। আমাদের দেশের সিনেমার প্রতি দর্শকের এখনো আগ্রহ রয়েছে। ভালো গল্পের সিনেমা তাদের দিতে পারলে তারা তা দেখে।
উল্লেখ্য, ‘সামাজিক ও পারিবারিক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। জানা যায়, তার ছবিতে অভিনয় করতে দেখা যাবে জয় চৌধুরী ও মৌ খানকে। এছাড়া অভিনয় করবেন, সুব্রত, রেবেকাসহ আরো অনেকে।






















