বিনোদন ডেস্ক
চলতি বছর 'মাসুদ রানা' ও 'ক্যাশ' নামের দুটি সিনেমা নির্মাণের কাজ হাতে নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা সৈকত নাসির। এরমধ্যে নতুন বছরের এপ্রিলে 'মাসুদ রানা'র শুটিং শুরুর কথা জানিয়েছিলেন পরিচালক। আর 'ক্যাশে'র শুটিং শুরুর কথা ছিল ৩ জানুয়ারি।
এদিকে নির্মাতা জানিয়েছে, নতুন শিডিউলে জানুয়ারিতে শুরু হবে 'মাসুদ রানার' শুটিং। আর 'ক্যাশ' শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহে।
এছাড়া, 'মাসুদ রানা' ছবিতে মূল ভূমিকায় থাকছেন বাংলাদেশে ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রাসেল রানা। তার সঙ্গে নায়িকা কে হচ্ছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যদিকে 'ক্যাশ' ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন চিত্রনায়ক নিরব হোসাইন ও পূজা চেরী। সম্প্রতি মা হারিয়েছেন নায়ক নিরব। তাই মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। এই অবস্থায় 'ক্যাশ' নিয়ে শুটিংয়ে যাওয়া ঠিক হবে না উল্লেখ করে ছবিটির শুটিং চারমাস পেছানোর কথা জানিয়েছে পরিচালক। অন্যদিকে মার্চে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এগিয়ে আনা হলো 'মাসুদ রানা' ছবির শুটিংয়ের তারিখ।
সৈকত নাসির গণমাধ্যমকে বলেন,ক্যাশ এর শুটিং শুরু করতে চেয়েছিলাম জানুয়ারির শুরুতে। কিন্তু ছবির নায়ক নিরবের মা মারা গেলেন সম্প্রতি। মা হারানো একজন ছেলের পক্ষে খুবই বেদনার। এই মুহূর্তে নিরবকে সময় দেয়া দরকার। মানবিকবোধ থেকেই আমরা শুটিং পিছিয়ে দিচ্ছি। আশা করি, এই সময়ের মধ্যে নিরব আবার স্বাভাবিক হয়ে উঠতে পারবেন। আর মাসুদ রানার সব প্রস্তুতি শেষ। তাই ছবিটির শুটিং এগিয়ে এনে জানুয়ারিতেই শুরু করতে যাচ্ছি।
এদিকে ‘ক্যাশ’ পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট বলে জানালেন পরিচালক, তবে ছবির গল্প সম্পর্কে আগে থেকেই কিছু ব্লতে রাজি নন নির্মাতা। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' সুন্দরী এভ্রিলের।






















