বিনোদন ডেস্ক
করোনাভাইরাসের প্রকোপে থমকে গিয়েছে পুরো বিশ্ব। বন্ধ হয়েছে এক দেশ থেকে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থা। ক্ষুদ্র এই অণুজীবের ভয়ে স্টেডিয়ামের খেলা ও কনসার্ট থেকে শুরু করে বড় বড় সব বৈশ্বিক আয়োজন বন্ধ হয়ে পড়ে৷ স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় নেতিয়ে পড়ে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড ও৷
এই পরিস্থিতির কারণে ২০২০ সালে কনসার্ট ইন্ডাস্ট্রিতে ২ লাখ ৫৪ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভ্যারাইটি ম্যাগাজিন।
প্রতিবেদনে আরও বলা হয়, বছরের শুরুতে ধারণা করা হয়েছিল, ২০২০ সালে বক্স-অফিস রেকর্ড ১২.২ বিলিয়ন ডলার আয় করবে। কিন্তু করোনার প্রভাবে মার্চ মাসে ইন্ডাস্ট্রি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আয় তো দূরের কথা, ক্ষতির মুখে পড়েছে ৯.৭ বিলিয়ন ডলার।
ভ্যারাইটি আরও জানায়, করোনায় চলতি বছর গ্লোবাল লাইভ ইভেন্ট ইন্ডাস্ট্রি ৩০ বিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা) ক্ষতির মুখে পড়েছে। এরমধ্যে শুধু বক্স অফিসে ক্ষতিই ৯.৭ বিলিয়ন ডলার। লাইভ-এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পাবলিকেশন 'পোলস্টার' এর বরাতে প্রতিবেনে প্রকাশ করেছে ভ্যারাইটি।
প্রতিবেদনে যে ৩০ বিলিয়ন ডলার ক্ষতির হিসেব দেখানো হচ্ছে, তা অবিবৃত ইভেন্ট এবং স্পন্সরশিপ, টিকেট বিক্রি, বাণিজ্য, পরিবহন, রেস্তোরাঁ, হোটেলসহ আনুষঙ্গিক খাত থেকে আসা উপার্জনের বিচারে করা হয়েছে।






















