বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তরুণ এ ইউটিউবার দেশে তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তার নতুন সব ভিডিও দেখার অপেক্ষায় থাকেন লাখো ভক্ত। ইউটিউব ছাড়াও মাই টিভিতে একটি সেলিব্রিটি শো উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছে তিনি।
এছাড়া, মাঝে মধ্যে অভিনয়েও দেখা যায় তাকে। তবে এবার তিনি অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘আবারো’ শিরনামে। ইতোমধ্যেই সিনেমার শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা হায়াৎ মাহামুদ।
সিনেমাতে তৌহিদ আফ্রিদির সঙ্গে জুটি বেঁধেছেন অনিন্দিতা মিমি। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রথমবার কাজ করলেন শর্টফিল্মে।
এছাড়া তৌহিদ আফ্রিদি জানান, ‘অনেক রকম অভিনয়েরই প্রস্তাব আসে। তারমধ্যে যে কাজটিতে আমি নিজেকে খুঁজে পাই, বিশেষ কিছু মনে হয় সেটি করার চেষ্টা করি। ‘আবারো’ তেমনই একটি কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অনিন্দিতা মিমি বলেন, ‘প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম। কারণ চলচ্চিত্রটির গল্পটা দারুণ। আর আফ্রিদির সঙ্গেও কাজের বেশ চমৎকার অভিজ্ঞতা হলো। মজা করে কাজটি শেষ করলাম। দর্শকের সাড়া পেলে তৃপ্তি পাবো।’
‘আবারো’-এর নির্মাতা হায়াৎ মাহমুদ গণমাধ্যমকে জানান, ব্যতিক্রমী ভাবনার একটি গল্প এখানে তুলে ধরা হয়েছে। দর্শকের জন্য রয়েছে বার্তাও। নির্মাতা আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর তৌহিদ আফ্রিদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘আবারো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অবমুক্ত হবে।






















