বিনোদন ডেস্ক
বলিউড 'কুইন' খ্যাত কঙ্গনা রনৌত ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভাইয়ের বিয়েতে দারুণ মজা করছেন তিনি। সেই সব মজার ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে। কঙ্গনা নিজে একটা ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে নীলরঙা লেহেঙ্গা পরে নাচছেন কঙ্গনা।
ভিডিওটি শেয়ার করে কঙ্গনা জানিয়েছেন, এই লেহেঙ্গাটি বানাতে প্রায় ১৪ মাস সময় লেগেছে। তিনি লেখেন, যাঁরা আমার নীল লেহেঙ্গার ব্যাপারে প্রশ্ন করছেন, তাঁদের বলছি এটা গুজরাটি বাঁধনি লেহেঙ্গা। বানাতে সময় লেগেছে প্রায় ১৪ মাস। বিলুপ্তপ্রায় শিল্পটিকে তুলে ধরতে পেরে আমি গর্বিত।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, লেহেঙ্গাটির ডিজাইন করেছেন অনুরাধা ভাকিল। লেহেঙ্গাটির বানাতে খরচ হয়েছে ৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি) বেশি। এছাড়াও কঙ্গনা জুয়েলারির পেছনে খরচ করেছেন ৪৫ লাখ রুপির বেশি। আউটফিটের জন্য কঙ্গনা ব্যয় করেছেন ১৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।

উল্লেখ্য, জয়াম্মার বায়োগ্রাফি থালাইভির শুটিং প্রায় শেষ করে ফেলেছেন কঙ্গনা। ডিসেম্বর থেকে তিনি তেজস ছবির শুটিং শুরু করবেন।






















