বিনোদন ডেস্ক
নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ করোনামুক্ত হয়েছেন। আগামীকাল হাসপাতাল ছাড়তে পারেন তিনি। আজ সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে নাসির উদ্দীন ইউসুফের মেয়ে এশা ইউসুফ এ তথ্য জানিয়েছেন।
এশা ইউসুফ বলেন, ‘বাবা কোভিড নেগেটিভ। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ভালোবাসা।’
নাসির উদ্দীন ইউসুফের অসুস্থতার খবরে দেশ–বিদেশে ছড়িয়ে থাকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন জেনে নাসির উদ্দীন ইউসুফের পরিবার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানান এশা ইউসুফ। তিনি বলেন,‘মানুষের ভালোবাসা মানুষকে বাঁচায় এ সত্য আমরা বিশ্বাস করি।’
গত ৩০ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ। সে সময় গণমাধ্যমকে নাসির উদ্দীন ইউসুফ বলেছিলেন, ‘শারীরিক অবস্থা মোটামুটি। খুব ভালো আছি এমন বলা যাবে না, আবার খুব খারাপ আছি, এটাও বলা যাবে না।’
নাসির উদ্দীন ইউসুফ ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘একাত্তরের যীশু’। ‘গেরিলা’ চলচ্চিত্র পরিচালনা করে অর্জন করেন বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার।






















