বিনোদন ডেস্ক
অন্য দেশের মতো আমাদের দেশেও চলছে ওয়েব সিরিজের জোয়ার। ওয়েব সিরিজের রমরমা বানিজ্য। ওয়েব সিরিজে শুধু ছোট পর্দার তারকাদের পাশাপাশি বড় পর্দার তারকারাও এখন ওয়েব সিরিজে বেশ সরব। নিয়মিত দেখা যাচ্ছে তাদের।
আরিফিন শুভ চলচ্চিত্র অঙ্গনে এখন আস্থার নাম। এ তারকাকেও শিগগিরই দেখা যাবে ওয়েবের দুনিয়ায়। ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম‘জি-ফাইভ’ নির্মিত এ সিরিজের নাম ‘কন্ট্রাক্ট’।
এ প্রসঙ্গে শুভ জানান, ‘বিনোদনের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফরমগুলোর ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। এখানে নতুন ধরনের আইডিয়া ও কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে। তাই ওয়েবে কাজ করতে উৎসাহী হয়েছি। সিরিজে থাকবে চলচ্চিত্রের আবহ।’

সিয়াম আহমেদ ছোট পর্দায় সাফল্য লাভ করে বড় পর্দায় অভিষেকেই বাজিমাত করেন তিনি। বড় পর্দায় অভিষেক হওয়ার পর ছোট পর্দায় আর দেখা মেলেনি তার। এবার সিয়াম হাজির হতে যাচ্ছেন ওয়েব সিরিজে। বিগ বাজেটের এ ওয়েব সিরিজটির নাম ‘মরীচিকা’।
সিয়াম জানান, ‘আমি এর আগে ওয়েবের জন্য শর্টফিল্ম করেছি। সেটি ছিল দীপংকর দীপনের পরিচালনায় “লিলিথ” কাজটি যারাই দেখেছেন খুব অ্যাপ্রিশিয়েট করেছেন। একেবারেই “আউট অব দ্য বক্স” কনটেন্ট ছিল। মরীচিকাও দারুণ একটি কাজ হয়েছে। নতুন একটি ওয়েব প্ল্যাটফরমে দেখা যাবে সিরিজটি।’

বিদ্যা সিনহা মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম জানান, ‘আমি সবসময় ব্যালান্স করে কাজ করি। কখনই শুধু সিনেমা নিয়ে থাকিনি। ফাঁকে ফাঁকে ভালো গল্পের নাটকও করেছি। তাই ওয়েবের যাত্রায় অনেকের চেয়ে আগেই নাম লিখিয়েছি আমি।

মাহিয়া মাহি সিনেমার মাধ্যমেই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। কিন্তু এখন সময়ের চাহিদা বিবেচনা করে তিনি নানা ধরনের কাজে সম্মতি দিচ্ছেন। সম্প্রতি ‘অক্সিজেন’ শিরোনামের একটি শর্টফিল্মে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। শুধু অভিনয় নয়, সিরিজটির প্রযোজকও তিনি।

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন ‘যদি কিন্তু তবুও’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজে ব্যস্ত। এ কাজের মাধ্যমে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোট পর্দার সুপারস্টার অপূর্বের সঙ্গে।
ফারিয়া জানান ‘এখন সারা দুনিয়ার বড় তারকারা ওয়েব সিরিজ করছেন। নেটফ্লিক্স বা আমাজন প্রাইমে হলিউড তারকাদের কাজ দেখে আমরা মুগ্ধ হচ্ছি। তাই আমিও নাম লিখিয়েছি। দারুণ কিছু গল্প পাচ্ছি ওয়েবের জন্য। এখন “যদি কিন্তু তবুও” মুভিটির কাজ করছি।

আলোচিত চিত্রনায়িকা পরীমনি এখন কাজের ধরন অনেকটাই বদলে ফেলেছেন। ভালো গল্প পেলে তিনি পিছপা হন না। গত বছরই তিনি ওয়েবে নাম লিখিয়েছেন। মাসুদ হাসান উজ্জ্বলের ‘পাফড্যাডি’তে কাজ করেছেন আজাদ আবুল কালামের বিপরীতে।























