বিনোদন ডেস্ক
বলিউড কুইন খ্যাত তারকা কঙ্গনা রনৌত আর বোন রঙ্গোলি চণ্ডালকে মুম্বাই পুলিশ সমন পাঠিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা আর বোন রঙ্গোলির পোস্টকে ঘিরে এই বিবাদ। তাঁদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উথেছে। মুম্বাই আদালতও এই কেসের তদন্তের নির্দেশ দিয়েছে।
১০ নভেম্বরের আগে তাঁদের পুলিশ স্টেশনে হাজির থাকতে হবে।
তাঁদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় উসকানির মতো গুরুতর অভিযোগ উঠেছে। তাই কঙ্গনা আর বোন রঙ্গোলিকে সমন পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট করতে থাকেন। কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে অভিযোগ, ধর্মের বিরুদ্ধে নানা অভদ্র ভাষা তাঁরা প্রয়োগ করেছেন। মুম্বাই আদালত সিআরপিসির ২০২ ধারা অনুযায়ী তদন্তের আদেশ দিয়েছেন। আর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের রিপোর্ট চেয়েছে।

কয়েক মাস ধরে কঙ্গনা এবং মহারাষ্ট্র সরকারের মধ্যে অনেক শোরগোল হয়েছে। এই বলিউড অভিনেত্রী মহারাষ্ট্র সরকার ও মুম্বাই পুলিশকে নানা তির্যক মন্তব্য করে আক্রমণ করেছেন।
এর আগে কঙ্গনা ও রঙ্গোলি ভাইয়ের বিয়ের কারণ দেখিয়ে পুলিশের সামনে হাজির থাকেননি। এই দুই বোন তাঁদের আইনজীবীর মাধ্যমে বার্তা পাঠিয়েছিলেন।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে বলিউড, বিতর্ক, টুইটার বা রাজনীতি—সব অঙ্গন মাতিয়ে রেখেছে একটাই নাম কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা মন্তব্য করে সংবাদ শিরোনাম হচ্ছেন কঙ্গনা।






















