আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০১৯ ০৫:০৯

বিশাল তেলের খনি আবিস্কার করেছে ইরান

 

আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে আরো ৫৩ শত কোটি ব্যারেল তেলসমৃদ্ধ একটি খনি আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। 

রবিবার (১০ নভেম্বর) ইরানের মধ্যাঞ্চলীয় ইয়ায্দ শহরে এক সমাবেশে তেলের খনি আবিষ্কারের বিষয়টি তুলে ধরেন প্রেসিডেন্ট রুহানি। 

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতার সত্ত্বেও আমরা এই আবিষ্কার করতে সক্ষম হয়েছি। কোন শত্রুই ইরানের উন্নতি রুখে দিতে পারবে না।
 
নতুন আবিষ্কৃত খনি সম্পর্কে প্রেসিডেন্ট রুহানি বলেন, খনিটি আমাদের অন্যতম বৃহত্তম একটি খনি। এটি এতটাই বিশাল যে বোস্তান থেকে শুরু করে উমিদেহ পর্যন্ত এটির বিস্তৃতি। এটি প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। খনি ভূগর্ভে প্রায় ৮০ মিটার পর্যন্ত গভীর।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা নানাভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের শত্রুতা ও বর্বর নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা প্রাকৃতিকভাবেই ধনী দেশ। ইরানি তেল শিল্পের কর্মী ও প্রকৌশলীরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই খনিটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন।