ডেস্ক রিপোর্ট।।
বলিভিয়ায় অন্তর্বর্তী সরকার প্রধানের শপথ নিয়েছেন বিরোধী দলের সিনেটর জেনিন আনেজ।
মঙ্গলবার পার্লামেন্টে শপথ নিয়ে খুব শিগগিরই স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের অঙ্গীকার করেন তিনি।
সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট ইভো মোরালেসের পার্টির সদস্যরা পার্লামেন্ট বয়কট করলেও সংবিধান অনুযায়ীই দায়িত্ব নিয়েছেন বলে দাবি করেছেন জেনিন।
এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেয়া মোরালেস। ক্যু পরিকল্পনাকারীদের সঙ্গে আঁতাত করেই জেনিন দায়িত্ব নিয়েছেন বলে দাবি তার।
সোমবার মেক্সিকো সিটিতে পৌঁছে বিমানবন্দরেই সংবাদ সম্মেলনে মোরালেস জানান, তাকে হত্যার জন্য আততায়ীদের ৫০ হাজার মার্কিন ডলার দেয়া হয়েছিল। তবে রক্তপাত চান না বলেই ক্ষমতা ছেড়েছেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। কংগ্রেসে কোরাম সংকটের মধ্যে তিনি এ ঘোষণা দেন।


















