আন্তর্জাতিক ডেস্ক ।।
হাতে চাল-ডাল কেনারও পয়সা নেই। সংসারের চারিদিকে ছড়িয়ে অভাবের চিহ্ন। সেই অভাব সহ্য করতে না পেরে নিজের চারদিনের পুত্র সন্তানকে দশ হাজার টাকায় বিক্রি করে দিলেন বাবা।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নারায়ণপুরের আদিবাসী পাড়ায়। এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সন্তান বিক্রির খবর পেয়েই ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল।
জানা গেছে, মঙ্গলকোটের আদিবাসীপাড়ার বাসিন্দা সোম মুর্মু ও মেনকা মুর্মু তাঁদের চারদিনের পুত্র সন্তানকে এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। এই ঘটনার কথা জানতে পেরেই মুর্মুদের বাড়িতে যান কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল। নিজের সন্তানকে দশহাজারে বিক্রির কথা স্বীকারও করে নেন বাবা-মা।
হতভাগ্য বাবা সোম মুর্মু বলেন, ‘আমার ক্ষমতা নেই ছেলেকে ভালোভাবে মানুষ করার। ওর ভালো ভবিষ্যতের জন্যেই বেচে দিয়েছি।’
স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, মুর্মু দম্পতির আরও তিন সন্তান আছে। বড় মেয়ের বয়স ৯ বছর। সন্তান বিক্রির টাকা দিয়ে কী করেছেন?
বাবা জানান, ‘ওই টাকায় অন্য ছেলের চিকিৎসা করিয়েছি। চাল, ডাল ছিল না। সেগুলো কিনেছি।’



















