ডেস্ক রিপোর্ট।।
পাকিস্তান ও কানাডা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। কানাডায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার রাজা বশির তারার ও কানাডিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল জোনাথন ভান্সের মধ্যে এক বৈঠকে তারা এ ব্যাপারে একমত হন। অটোয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
হাই কমিশনার তারার আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধিন শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সহযোগিতাসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কানাডিয় প্রতিরক্ষা বাহিনী প্রধানকে অবহিত করেন। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর স্বার্থেই একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ আফগানিস্তান প্রয়োজন।
হাই কমিশনার কানাডার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারের ইচ্ছা প্রকাশ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠানগুলোতে কানাডা সশস্ত্র বাহিনীর অফিসারদের স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি কোর্স করানোর ইচ্ছা প্রকাশ করেন।
দুই দেশের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে যৌথ মহড়া পরস্পরের জন্য লাভজনক হবে বলে হাই কমিশনার উল্লেখ করেন।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন জেনারেল ভান্স। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
সূত্রঃ সাউথ এশিয়ান মনিটর



















